একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন কাকলী

বরিশাল জার্নাল ডেস্ক

নীলফামারীর সৈয়দপুরে একটি বেসরকারি হাসপাতালে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন কাকলী রানী দাস নামের এক গৃহবধূ। নবজাতকদের মধ্যে দুটি কন্যাসন্তান ও একটি ছেলেসন্তান রয়েছে। সিজারিয়ান অস্ত্রোপচারের পর বর্তমানে মা ও তিন নবজাতকই সুস্থ রয়েছে বলে জানা গেছে।

রোববার দুপুরে শহরের বাঙ্গালীপুর মোড়ে অবস্থিত পদ্মা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এই শিশুগুলোর জন্ম হয়। চিকিৎসাধীন কাকলী রানীর স্বামী বিদ্যুৎ চন্দ্র দাস (২৮) পেশায় একজন টাইলস মিস্ত্রি। তাদের বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ডাঙ্গারহাট গ্রামের চক সন্ন্যাসী শাহাপাড়ায়।

পারিবারিক সূত্রে জানা যায়, গর্ভাবস্থার শুরু থেকেই উক্ত চিকিৎসাকেন্দ্রে নিয়মিত গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. নাহিদ আক্তার বৃষ্টির তত্ত্বাবধানে ছিলেন কাকলী রানী। রোববার দুপুরে তারই পরিচালনায় সফল অস্ত্রোপচারের মাধ্যমে তিন নবজাতকের জন্ম হয়।

একসঙ্গে তিন সন্তান লাভের খবরে ওই পরিবারে বইছে আনন্দের বন্যা। চিকিৎসক ডা. নাহিদ আক্তার বৃষ্টি জানান, অস্ত্রোপচারের পর মা ও তিন নবজাতকই আশঙ্কামুক্ত রয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top