সাতলায় কাওসার হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

জিব্রান কাদির, উজিরপুর

বরিশাল জেলার উজিরপুর উপজেলার পশ্চিম সাতলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাওসার হাওলাদার (৩৭) নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও বিচারের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। এই হত্যাকাণ্ডে জড়িত মূল পরিকল্পনাকারীসহ সকল আসামির দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে তারা।

রবিবার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় সাতলা একতা বাজার প্রধান সড়কে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সাবেক ইউপি সদস্য আব্দুল হক হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ জাকির হোসেন, সাবেক চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার, যুবদল নেতা মোঃ রাশেদ আমিন রিপন এবং নিহতের মেজো ভাই মোস্তফা হাওলাদার।

মানববন্ধনে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন সাতলা ইউনিয়ন পরিষদের প্রশাসক সুমন চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতলা ইউনিয়নের সভাপতি মাওলানা মোঃ হাফিজুর রহমান ও সহ-সভাপতি মাওলানা মোঃ হোসাইন মোল্লা, সাবেক ইউপি সদস্য মোঃ ফারুক হোসেন মোল্লা, মোঃ এনামুল হাওলাদার ও মোঃ শাহজাহান হাওলাদার, যুবদল নেতা মোঃ এরশাদ বিশ্বাস, এনামুল সরদার, মোঃ কিবরিয়া বিশ্বাস, সাতলা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম লিটন ও সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল্লাহ ইসলাম।

এছাড়াও মানববন্ধনে নিহতের শোকার্ত স্ত্রী সাগরি বেগম এবং চার অবুঝ সন্তান—ফাতেমা (১৪), নুসরাত (১০), তায়েবা (৭) ও চার বছরের শিশু সন্তান আবু হুরায়রাসহ হাজারো নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন,  এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এবং জড়িত সকল সন্ত্রাসীকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি—বিশেষ করে ফাঁসির দাবি জানান তারা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশ যদি দ্রুততম সময়ের মধ্যে ঘটনার পেছনের মূল রহস্য উদঘাটন এবং এজাহারভুক্ত বাকি আসামিদের গ্রেপ্তার না করে, তবে আগামীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর (শুক্রবার) রাত ১০টার দিকে উজিরপুর-কোটালীপাড়া সীমান্তবর্তী পশ্চিম সাতলা এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসী মাইক্রোবাস ও মোটরসাইকেলে এসে কাওসার হাওলাদার এবং রাশেদ আমিনের ওপর অতর্কিত হামলা চালায়। জীবন বাঁচাতে তারা পাশের একটি ঘরে আশ্রয় নিলে সন্ত্রাসীরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে কাওসারকে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।

হত্যাকাণ্ডের পর আসামিরা একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লোগো ব্যবহার করা মাইক্রোবাসে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে পদ্মা সেতু দক্ষিণ থানার টোল প্লাজা এলাকা থেকে পুলিশ ধারালো অস্ত্রসহ ৯ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ ঘটনায় নিহতের মেজো ভাই মোঃ মোস্তফা হাওলাদার বাদী হয়ে ২৪ অক্টোবর উজিরপুর মডেল থানায় ১৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং মামলার এজাহারভুক্ত বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top