২৪৩ হাফেজকে অর্ধ কোটি টাকার পুরস্কার দিল নগর উন্নয়ন ফোরাম

বরিশাল জার্নাল ডেস্ক

টানা পাঁচ মাস ধরে চলা হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ী ২৪৩ জন হাফেজকে অর্ধকোটি টাকার পুরস্কার দিয়েছে নগর উন্নয়ন ফোরাম। প্রতিযোগিতায় রাজধানীর ৮০০টি কওমি ও আলিয়া মাদ্রাসার প্রায় ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী অংশ নেন। ১০, ২০ ও ৩০ পারা, এই তিন বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন মোট ৯ জন প্রতিযোগী।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল তিনটায় রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নগর উন্নয় ফোরাম কর্তৃক আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতাটি গত ১৬ জুলাই শুরু হয়েছিল। রাজধানীর ৮০০টি কওমি ও আলিয়া মাদ্রাসার প্রায় ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। ১০, ২০ ও ৩০ পারা এই তিন ক্যাটাগরিতে হওয়া প্রতিযোগিতায় চূড়ান্ত বিচারে ২৪৩ জনকে বিজয়ী ঘোষণা করে পুরস্কৃত করা হয়।

পূর্বঘোষণা অনুযায়ী বিজয়ীদের মাঝে ওমরাহ পালনের সুযোগ, ল্যাপটপ, বাইসাইকেল এবং নগদ অর্ধ কোটি টাকাসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘আমরা শুধু পুরস্কার দেওয়া বা নেওয়ার জন্য আসিনি; কোরআনের আলোয় সমাজকে আলোকিত করতে এসেছি। কওমি, আলিয়া বা অন্যান্য ধারার পরিচয়ের ভিন্নতা থাকলেও কুরআনের প্রশ্নে সবাই এক ও অভিন্ন।’

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এ ধরনের বিরল ও ঐতিহাসিক আয়োজন আগে কোথাও হয়নি।’ ছোটখাটো মতভিন্নতা ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কোরআন ও সুন্নাহর আলোকে সমাজ গঠনে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা যায়নুল আবেদিন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান শায়েখ হাফেজ আব্দুল হক, বিশিষ্ট আলেম মুফতি আলী হাসান উসামা, নগর উন্নয়ন ফোরামের ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান মূসা।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top