বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা
‘কথা কম, কাজ বেশি—এটাই আমাদের মূল লক্ষ্য’—এমন প্রত্যয় ব্যক্ত করে ডেঙ্গু প্রতিরোধে খাল-নালা পরিষ্কারের পাশাপাশি হাট-বাজার, রাস্তাঘাট ও বাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বরিশাল-৩ আসনের সংসদ সদস্য সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় বরিশালের বাবুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সহযোগিতায় রাজার বের খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবেদীন বলেন, শুধু খাল পরিষ্কার করলেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। হাট-বাজার, রাস্তাঘাট এবং প্রত্যেকের বাড়ির চারপাশও পরিষ্কার রাখতে হবে। বিশ্বের বিভিন্ন দেশ নিজেদের পরিচ্ছন্ন রাখতে পারলে বাংলাদেশ কেন পারবে না—এমন প্রশ্ন তুলে তিনি বলেন, ‘নিশ্চয়ই পারব।’
তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার এ কার্যক্রম শুধু আজকের কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পুরো দেশকে পরিচ্ছন্ন না করা পর্যন্ত এ অভিযান অব্যাহত রাখতে হবে। ‘কথা না বাড়িয়ে সবাই কাজে নেমে পড়ুন’—এ আহ্বান জানান তিনি।
বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে জয়নুল আবেদীন বলেন, তিনি নিজেও প্রতিবছর অন্তত ২৫ থেকে ৫০টি গাছ লাগান। সবাইকে নিয়মিত বৃক্ষরোপণের আহ্বান জানিয়ে তিনি বলেন, আজকের কর্মসূচি মাত্র শুরু; সারা দেশে এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
তিনি আরও বলেন, ‘আপনারা একটু আগেই শপথ নিয়েছেন। শুধু শপথ নিলেই হবে না, সেই শপথকে বাস্তবে কাজে রূপান্তর করতে হবে।’ বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার কথা উল্লেখ করে জয়নুল আবেদীন বলেন, ঢাকায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা যুক্ত ছিলেন। এরই অংশ হিসেবে বাবুগঞ্জে এ কর্মসূচি শুরু হয়েছে।
নিজ নির্বাচনী এলাকায় কর্মসূচিতে অংশ নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘কেবল ঢাকায় বসে না থেকে নিজের এলাকার মানুষের মাঝে উপস্থিত হওয়া প্রয়োজন। যাঁরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাঁদের সঙ্গে নিয়ে নিজ নিজ এলাকায় এ কার্যক্রম সফল করতে হবে। তাহলেই একটি সুন্দর ও সুস্থ দেশ গড়ে তোলা সম্ভব।’
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে বক্তব্য দেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা, উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহম্মেদ খান, সদস্যসচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্সসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
পরে জয়নুল আবেদীন চন্দ্রদ্বীপ হাইস্কুল ও কলেজ মাঠে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন।




