এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ
মেহেন্দিগঞ্জে মাদকের বিরুদ্ধে বড় ধরনের সাফল্য পেয়েছে পুলিশ। রাতভর অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ।
রবিবার ভোর ৪টা ৪৫ মিনিটে মেহেন্দিগঞ্জ থানাধীন দক্ষিণ উলানিয়া ইউনিয়নের রাজাপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মমিন উদ্দিন-এর নেতৃত্বে ফোর্স রাজাপুর এলাকায় অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন কয়েকজন মাদক কারবারি মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে একত্রিত হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয় তারা। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
অভিযানে উদ্ধার করা হয় গাঁজা৫ কেজি, ইয়াবা ট্যাবলেট ৫০ পিস, নগদ টাকা ৬,৩৩০ টাকা, মাদক পরিবহনে ব্যবহৃত ১টি বাজাজ মোটরসাইকেল।
গ্রেফতারকৃতরা হলেন মো. মোস্তফা বেপারী (৪0) মো. রাসেদ সরদার (৩৮), মো. মফিজ ঢালী (৩৫), রাজিব (২৯)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে মোস্তফা বেপারী এলাকার পরিচিত মাদক ব্যবসায়ী। তার বসতবাড়ির সামনের পাকা রাস্তার উপর থেকেই তাদের আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেন্দিগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ওসি মো. মমিন উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।




