পিরোজপুরে র‍্যালি ও পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

জাকির ফরাজী, পিরোজপুর

‘রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেল ৩টায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর পিরোজপুরের যৌথ আয়োজনে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পিরোজপুর উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মনজুর।

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ এবং জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।

স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিয়ানগর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফাহাদ রহমান।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার জেলেরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তায় মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মৎস্য সম্পদের টেকসই উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ সফলভাবে বাস্তবায়নে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top