ঝালকাঠির নতুন এসপি : বিকালে যোগদান, সন্ধ্যায় বদলি

বরিশাল জার্নাল ডেস্ক

ঝালকাঠির পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদানের মাত্র চার ঘণ্টার মধ্যেই ঢাকায় ফিরিয়ে নেওয়া হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) থেকে আসা কর্মকর্তা মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে। পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) জরুরি তলবে সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় তিনি ঢাকা ফিরে যান। ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

এর আগে ৫ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে ঝালকাঠির পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেই প্রজ্ঞাপনের আলোকে তিনি সোমবার বিকালে দায়িত্ব গ্রহণ করেন।

এদিকে,সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বদরুল আলম মোল্লার একটি কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ে। সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ফেসবুক পোস্টে দাবি করেন, পুলিশ সুপার পদে নিয়োগকে কেন্দ্র করে ২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের বিষয় ওই অডিওতে উঠে এসেছে। তবে অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অভিযোগ অস্বীকার করে বদরুল আলম মোল্লা বললেন, ‘তার বদলি সম্পূর্ণ সরকারের সিদ্ধান্তে হয়েছে।এতে কোনো ধরনের আর্থিক লেনদেন হয়নি। ভাইরাল হওয়া কল রেকর্ড বিকৃত ও বিভ্রান্তিকর এবং তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এটি প্রচার করা হয়েছে।’

দৈনিক দেশ রূপান্তরের ঢাকা অফিসের সাংবাদিক হামিদের সঙ্গে তার কথোপকথনের একটি অংশ বিকৃতভাবে প্রকাশ করা হয়েছে। ঘুষ লেনদেনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমানে ঝালকাঠির দায়িত্বে আছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বললেন, ‘আমাকে আপাতত ওয়েটিংয়ে রাখা হয়েছে। পরে জানানো হবে, কোন জেলায় দায়িত্ব দেওয়া হবে।’

এ বিষয়ে জানতে বরিশাল রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

আগামীর সময়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top