এম লোকমান হোসেন, চরফ্যাশন (ভোলা)
চরফ্যাশন উপজেলার (অতিরিক্ত চৌকি) আদালত প্রাঙ্গণের সামনে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে বিচারপ্রার্থী, আইনজীবী, আদালতের কর্মকর্তা-কর্মচারীসহ প্রতিদিন আদালতে আসা কয়েক হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
মঙ্গলবার (৩০ জুন ২০২৬) সকাল ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, অল্প বৃষ্টিতেই আদালতের সামনের সড়ক ও প্রবেশপথে পানি জমে চলাচল ব্যাহত হচ্ছে। ফলে বিচারপ্রার্থীদের জমে থাকা পানি মাড়িয়ে আদালতে প্রবেশ করতে হচ্ছে। দীর্ঘদিনের এ সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
চৌকি আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) হযরত আলী হিরণ বলেন, ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কাজের বিল উত্থাপন করা হলেও কোনো সহযোগিতা পাইনি। পরবর্তীতে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলেও সংশ্লিষ্টদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা মেলেনি। দ্রুত সময়ের মধ্যে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা জরুরি।
চরফ্যাশন চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি রমিজ উদ্দিন বলেন, এটি দীর্ঘদিনের সমস্যা। আদালতে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ আসেন। তাদের দুর্ভোগ লাঘবে স্থায়ীভাবে ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এখন সময়ের দাবি। মাননীয় সংসদ সদস্যের সহযোগিতায় দ্রুত এ সমস্যার সমাধান চাই।
স্থানীয়দের মতে, আদালতের মতো গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠানের সামনে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা বিরাজ করা অত্যন্ত দুঃখজনক। দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে বর্ষা মৌসুমে জনদুর্ভোগ আরও বাড়বে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ এ বিষয়ে বলেন, জলাবদ্ধতার বিষয়টি আমাদের নজরে আছে। ইতোমধ্যে ৪৬ লাখ টাকার একটি প্রকল্প নেয়া হয়েছে। ড্রেনেজ নির্মাণ কাজ কিছু দিনের মধ্যে শুরু হবে।




