চরফ্যাশনে কৃষি প্রণোদনা পাচ্ছেন ১৮ হাজার কৃষক, ১০ হাজার কৃষক পাবেন গাছের চারা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় ভোলার চরফ্যাশনে ১৮ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, হাইব্রিড মরিচের বীজ ও রাসায়নিক সার বিতরণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ১০ হাজার কৃষকের মাঝে গাছের চারা ও অন্যান্য উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় চরফ্যাশন উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু, কয়সর আহমেদ কমল, চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার এবং সিনিয়র সহ-সভাপতি কামাল মিয়াজীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চরফ্যাশন উপজেলার মোট ১ লাখ ২২ হাজার ৮০৪টি কৃষক পরিবারের মধ্যে ১২ হাজার ৫০০ জন কৃষক আমন ধানের বীজ ও রাসায়নিক সার, ৪ হাজার ৫০০ জন কৃষক গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, হাইব্রিড মরিচের বীজ ও সার বিনামূল্যে পাচ্ছেন। এছাড়া ১০ হাজার কৃষকের মাঝে প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির গাছের চারা ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হবে।

বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারী প্রণোদনার উন্নত জাতের বীজ যা বাজার মূল্যের চেয়ে প্রায় দ্বিগুণ দামে কিনে সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদেরকে বিনামূল্যে দিয়ে থাকে। সরকারী এ প্রণোদনার সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।

এর আগে সকাল ৯টা থেকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়। এ সময় বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদাসহ আমন্ত্রিত অতিথিরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top