বরিশাল জার্নাল ডেস্ক
পিরোজপুর জেলা যুবদলের এক নেতাসহ দুজনের ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। আহরা পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ৯টার দিকে পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধ্যরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদার এবং তার চাচাতো ভাই ও স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল সরদার। তারা দুজনই মধ্যরাস্তা এলাকার বাসিন্দা।
আহত জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদার জানান, রাতে চাচাতো ভাই সাইফুল সরদারসহ মধ্যরাস্তা এলাকায় অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন সেখানে আওয়ামী লীগের পোস্টার লাগাতে এলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তারা জখম হন।
তিনি আরও জানান, আমাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় এলাকাবাসী ছাত্রলীগ নেতা শেখ ইমরান শুভকে আটক করে পুলিশ দেয়। পাশাপাশি আমাদের পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন।
আটকৃত ছাত্রলীগ নেতা শেখ ইমরান শুভ পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক।
পিরোজপুর জেলা যুবদলের সদস্যসচিব এমদাদুল হক মাসুদ বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় আমাদের এক নেতা ও তার ভাই আহত হয়েছেন। দ্রুত দোষীদের আইনের আওতায় আনা না হলে জেলা যুবদল কর্মসূচি ঘোষণা করবে।
জেলা বিএনপির সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত বলেন, হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। অন্যথায় এ ধরনের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
জাগো নিউজ




