পিরোজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, ফায়ার সার্ভিসের অভিযানে তিনজন উদ্ধার

বরিশাল জার্নাল ডেস্ক

পিরোজপুর সদর উপজেলার বরিশাল-খুলনা মহাসড়কের ধুপপাশা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে সংঘটিত এ দুর্ঘটনায় ট্রাক দুটির চালক ও এক হেলপার ভেতরে আটকে পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত অভিযানে তাদের জীবিত উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে বরিশাল থেকে আসা ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৯৪১৪) এবং খুলনা থেকে আসা অপর ট্রাক (ঢাকা মেট্রো-ড-১২-৩২৫৪) ধুপপাশা এলাকায় মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের তীব্রতায় দুই ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক ও হেলপাররা ভেতরে আটকা পড়েন।

 

খবর পেয়ে পিরোজপুর সদর ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর যুগল বিশ্বাসের নেতৃত্বে তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর যান্ত্রিক সরঞ্জামের সহায়তায় ট্রাকের অংশ কেটে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়।

 

উদ্ধারকৃতরা হলেন মো. জনি (৩২), মো. সোহাগ (২৯) ও মো. রাসেল (২৭)। তাদের বাড়ি যথাক্রমে পটুয়াখালীর গলাচিপা ও সাতক্ষীরার কলারোয়া এলাকায় বলে জানা গেছে।

যুগল বিশ্বাস জানিয়েছেন, চালকরা স্টিয়ারিং ও ড্যাশবোর্ডের মাঝখানে আটকে পড়েছিলেন। দ্রুত ও সমন্বিত অভিযানের মাধ্যমে তাদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

উদ্ধারের পর ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে আহতদের পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তারা বড় ধরনের দুর্ঘটনার শিকার হলেও আশঙ্কামুক্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

আগামীর সময়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top