জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ

বরিশাল জার্নাল ডেস্ক

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবের কথা উল্লেখ করে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল রবিবার (১৯ এপ্রিল) থেকে এ দাম কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা।

এর আগে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অকটেনের মূল্য ছিল ১২০ টাকা এবং পেট্রোলের মূল্য ছিল ১১৬ টাকা। এছাড়া কেরোসিনের দাম ছিল প্রতি লিটার ১১২ টাকা এবং ডিজেলের মূল্য ছিল লিটারপ্রতি ১০০ টাকা।

এদিকে, বিশ্ববাজারে দাম নিম্নমুখী থাকা সত্ত্বেও দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতের আমির ও বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, বর্তমান সময়ে সাধারণ মানুষ এমনিতেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রার ব্যয় নির্বাহে হিমশিম খাচ্ছে। এর মধ্যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমছে, তখন দেশের বাজারে দাম বাড়ানো অত্যন্ত দুঃখজনক ও অযৌক্তিক সিদ্ধান্ত। এতে করে জনজীবনে নেতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন খরচ বৃদ্ধি পাবে, যার প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও। এতে সাধারণ মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে—যা হবে “মরার ওপর খাঁড়ার ঘা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top