প্রার্থীকে তুলে নিয়ে হাত-পা ভেঙে দিলেন যুবদল নেতা

বরিশাল জার্নাল ডেস্ক

বগুড়া শহরের ফতেহ আলী বাজার কাঁচামাল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলাল শেখকে ভোটগ্রহণ চলাকালে বাজার থেকে তুলে নিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে। আহত অবস্থায় আলাল শেখকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়।

 

শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফতেহ আলী বাজারে ভোটগ্রহণ চলাকালে এ ঘটনা ঘটে।

 

পুলিশ জানিয়েছে, জেলা যুবদলের শ্রমবিষয়ক সম্পাদক শফিকুল ইসলামের নেতৃত্বে কয়েকজন যুবক আলাল শেখকে বাজার থেকে তুলে নিয়ে যান। পরে শহরের মালগ্রাম ডাবতলা এলাকায় একটি বাগানের মধ্যে বেঁধে রেখে তাকে পিটিয়ে দুই পা ও একটি হাত ভেঙে দেওয়া হয়। শফিকুল ইসলাম ও আলাল শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

 

জানা গেছে, আলাল শেখ শহরের চকসূত্রাপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। গত দেড় বছরে তাকে তিনবার গ্রেপ্তার করা হয়েছিল। সম্প্রতি তিনি জামিনে ছিলেন।

বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল শনাক্ত করে। অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় শফিকুল ইসলাম ও তার সহযোগীদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।

 

তবে শফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, আলাল শেখের সঙ্গে অনেকের শত্রুতা রয়েছে। শত্রুতার জের ধরেই এ ঘটনা ঘটতে পারে।

 

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এশিয়া পোস্ট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top