
ডেস্ক রিপোর্ট
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে নতুন করে উত্তেজনা আরও বাড়াল মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। মিত্র ইংল্যান্ডের মাটিতে বিধ্বংসী বোমারু বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এসব বিমান পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। ফলে শঙ্কা তৈরি হয়েছে, বিশ্ব কী তাহলে পারমাণবিক অস্ত্রের ধ্বংসযজ্ঞ দেখার সাক্ষী হতে যাচ্ছে।
সোমবার (৯ মার্চ) ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমে আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে তিনটি বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান অবতরণ করেছে। ঘাঁটিটি গ্লুচেস্টারশায়ার এলাকায় অবস্থিত। এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, ইংল্যান্ডের আকাশে গত ৭২ ঘণ্টায় বিমান চলাচলও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। চলমান যুদ্ধে যুক্তরাজ্যে এই প্রথম বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান দেখা গেল। যুক্তরাষ্ট্রের এই সাবসনিক যুদ্ধবিমানগুলো ১৯৫০-এর দশক থেকে ব্যবহৃত হয়ে আসছে। ভিয়েতনাম যুদ্ধ থেকে আফগানিস্তান পর্যন্ত বিভিন্ন সংঘাতে এগুলো অংশ নিয়েছিল।
বি-৫২ বোমারু বিমানের কিছু ইউনিট ইউএস স্ট্র্যাটিজিক কমান্ডের অধীনে থাকে। অর্থাৎ এগুলো পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। তবে এগুলো প্রচলিত আকাশ-থেকে-ভূমি অস্ত্র ব্যবহার করেও হামলা চালাতে পারে।
এদিকে শুক্রবার থেকে সেখানে চারটি বি-১বি লঞ্চার বোমারু বিমানও অবতরণ করেছে। এই সুপারসনিক বিমানগুলো দীর্ঘ দূরত্বে উড়তে পারে এবং একসঙ্গে ২৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম।
ফেয়ারফোর্ড ঘাঁটিতে প্রায় ১০ হাজার ফুট (প্রায় ৩ হাজার মিটার) দীর্ঘ রানওয়ে রয়েছে, যা এ ধরনের বড় বোমারু বিমানের জন্য উপযোগী। মার্কিন এই শক্তিশালী বিমানগুলোর আগমন দেখতে ঘাঁটির বাইরে সাংবাদিক ও স্থানীয় অনেক মানুষ জড়ো হয়েছিলেন।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ইরানের বিরুদ্ধে অভিযানে অংশ নিতে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়ার পর ইংল্যান্ডের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে আরও দুটি মার্কিন বিমান অবতরণ করেছে। রোববার প্রচারিত ফুটেজে দেখা গেছে, আগে আসা বি-১বি লঞ্চার বোমারু বিমানের পর এবার সেখানে দুটি বোয়িং সি-১৭ গ্লোবমাস্টার-৩ পরিবহন বিমান অবতরণ করেছে।
খারাপ আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে একটি সি-১৭ আগে গ্লাসগো প্রেস্টউইক বিমানবন্দরে অবতরণ করেছিল। পরে সেখান থেকে ফেয়ারফোর্ডে পৌঁছায়। বিবিসি জানিয়েছে, বিমানটিতে বোমারু বিমানের জন্য অস্ত্র ও খুচরা যন্ত্রাংশ আনা হচ্ছিল।
ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, আরেকটি সি-১৭ যুক্তরাষ্ট্রের ম্যাকগুয়ার বিমান বাহিনী ঘাঁটি থেকে উড়ে এসে ফেয়ারফোর্ডে পৌঁছেছে। এই ঘাঁটিটি রাইটসটাউন, নিউ জার্সির কাছে অবস্থিত। তবে বিমানটি পরে ফেয়ারফোর্ড থেকে মধ্যপ্রাচ্যে উড়ে যাবে কিনা তা স্পষ্ট নয়।
ইংল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।




