বোরহানউদ্দিনে আনসারের মেডিকেল ক্যাম্প ও কম্বল বিতরণ

মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য ও সদস্যাদের জন্য ভোলার বোরহানউদ্দিনে তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন শুরু হয়েছে। সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

বোরহানউদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে ৬, ৭ ও ৮ জানুয়ারি  অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে চোখের চিকিৎসা, চোখের ছানি অপারেশন, দাঁতের চিকিৎসাসহ বিভিন্ন সাধারণ রোগের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) সকালে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। বোরহানউদ্দিন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা প্রবীর কুমার রায়ের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভোলা জেলা কমান্ড্যান্ট মোঃ রাশেদ বিন মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন।

এ সময় বক্তারা বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতেই এ ধরনের মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

এছাড়াও সামাজিক নিরাপত্তা ও মানবিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় প্রায় ১ হাজার ৫০০ কম্বল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। শীতার্ত ও অসহায় মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top