বরিশাল জার্নাল ডেস্ক
জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজমুক্ত একটি ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ উপহার দেবো- বলে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান বলেছেন, প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয়। আর প্রতিহিংসা সমাজকে ধ্বংস করে দেয়। ২৪ এর ৫ আগস্ট রাতে আমরা কী করেছিলাম, সকল ব্যথা বেদনা বুক থেকে ঝেড়ে ফেলেছিলাম। বলেছিলাম, আমরা ব্যক্তিগতভাবে কারো ওপর থেকে প্রতিশোধ নেবো না। সেই রাতে যদি শুধু বলে দিতাম, যে যার ক্ষতি করেছে তার সাথে একটু মোলাকাত করে আসো, তা হলে বাংলাদেশ একটি বধ্যভূমিতে পরিণত হতো।
তিনি বলেন, পলাতক এক আওয়ামী লীগ নেতা বলতেন কোনো কারণে আমাদের সরকারের পতন হলে ২ দিনের ভেতর আমাদের ৫ লাখ লোক মারা যাবেন।
ডাঃ শফিক বলেন, শুধু দলীয় কর্মী নয়, সেই কঠিন সময়ে আমরা সকলকে বললাম, প্লিজ কেউ কারো ক্ষতি করবেন না। আওয়ামী লীগ দায়িত্বজ্ঞানহীন দল হলেও এ জাতি সেদিন দেশকে রক্ষা করেছে। তারা সরকারবিহীন একটি দেশে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়নি। ৫ লাখ নয়, ৫ হাজার নয়, ৫০০ জনও মরেনি। সেই সময়ের হিসাবে মাত্র ২৩ জন লোক মারা গেছেন।
জামায়াত আমির বৃহস্পতিবার রাতে সিলেট নগরীর আমান উল্লাহ কনভেশন হলে সিলেট মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেটের বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ,বন্ধুপ্রতিম ও সমমনা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ ৫ সহস্রাধিক সুধীজনের উপস্থিতিতে জামায়াত আমির ডা: শফিকুর রহমান পৌনে এক ঘণ্টা ধরে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
জামায়াতে ইসলামীর আমির বলেন, দেশ পুনর্গঠনের এক অপূর্ব সুযোগ এবার এসেছে। এমন সুযোগ বার বার আসবে না। তাই এই সুযোগকে ঐক্যবদ্ধভাবে কাজে লাগাতে হবে।
সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা থামবো না- মন্তব্য করে জামায়াত আমির বলেন, মানুষ পরিবর্তন চায়। আর আমরা সবাইকে নিয়ে বাংলাদেশ গঠন করতে চাই। একটি দল বলেছে তারা জামায়াতে ইসলামী বাদে বাকি সব দল নিয়ে কাজ করবে। আমরা বলছি, আল্লাহ যদি আমাদের সরকারে বসায়, তাহলে তাদেরসহ সবাইকে নিয়েই আমরা দেশ গড়বো। দেশের চিত্র পাল্টে দেবো। দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ উপহার দেবো। সরকার গঠনের পর কেউ যদি আমাদের ওপর আগের মতো অবিচার চালানোর চেষ্টা করে- তাহলে আমরাও বসে থাকবো না। দোয়া করুন, সতর্ক থাকুন, বাংলাদেশ যেনো আর কোন ফ্যাসিবাদের মুখে না পড়ে।




