ফেসবুক স্টোরিতে লিখেছিলেন ‘এবার গন্তব্য পরিবার’, ফিরলেন লাশ হয়ে

ডেস্ক রিপোর্ট

অসুস্থ বাবাকে দেখতে কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়ি ফেরার জন্য রওনা হয়েছিলেন প্রান্ত মণ্ডল নামে এক যুবক। এ সময় ফেসবুক স্টোরিতে নিজের মোটরসাইকেলের ছবি দিয়ে লিখেছিলেন—‘এবার গন্তব্য আমার পরিবার।’ তবে শেষ পর্যন্ত আর বাড়ি ফেরা হলো না তার। পথিমধ্যেই সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি।

মঙ্গলবার (৩ মার্চ) রাত ৯টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদী স্টেশন সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে,  নিহত প্রান্ত মণ্ডল নিহত ফায়ার ফাইটার প্রান্ত মণ্ডল বরগুনার পাথরঘাটা উপজেলার রূপধন এলাকার বাসিন্দা এবং পুলিন মণ্ডলের ছেলে। তিনি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একজন ফায়ার ফাইটার।

নিহতের খালাতো ভাই তুষার হাজরা বলেন, অসুস্থ বাবার চিকিৎসার জন্য ছুটি নিয়ে তিনি কর্মস্থল সেনবাগ ফায়ার স্টেশন থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। বাড়িতে তার অপেক্ষায় ছিলেন স্ত্রী, এক বছরের সন্তান মুগ্ধ এবং বাবা-মা। প্রান্ত ছিলেন একমাত্র ছেলে। তার বড় একটি বোনও রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, বরিশালমুখী মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর পিকআপ ভ্যানটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহতের সাথে থাকা পরিচয়পত্র থেকে নিশ্চিত হওয়া হয় যে তিনি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এ ফায়ার ফাইটার (অগ্নিনির্বাপক কর্মী) হিসেবে কর্মরত ছিলেন।  ডেইলি ক্যাম্পাস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top