টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে যুবক দগ্ধ, সন্দেহ ককটেল তৈরির

বরিশাল জার্নাল ডেস্ক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে মতিউর রহমান নামে এক যুবক গুরুতর দগ্ধ হয়েছেন।

 

সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার নিলফা বাজার এলাকায় মতিউর রহমানের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

 

আহত মতিউর রহমান নিলফা বাজার এলাকার মোস্তাক আহম্মেদের ছেলে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পুলিশ পাহারায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে বসে কিছু তৈরি করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে মতিউরের হাত, পা ও মুখমণ্ডল ঝলসে যায়।

 

আহতের স্বজনরা দাবি করেন, একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানের জন্য মতিউর আতশবাজি তৈরি করছিলেন। তবে চিকিৎসকদের প্রাথমিক ধারণা, আঘাতের ধরন আতশবাজির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অসীম কুমার ধর বলেন, মতিউরের শরীরের ক্ষতচিহ্ন দেখে মনে হচ্ছে, এটি ককটেল বা হাতবোমাজাতীয় কিছু বিস্ফোরণের ফলে হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত করতে বিশেষজ্ঞ মতামত প্রয়োজন।

 

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করেছে। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।

 

ওসি বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top