স্বামীর পরকীয়ায় সংসার ভাঙল মৌসুমী হামিদের

বরিশাল জার্নাল ডেস্ক

সংসার ভাঙল ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদের। বছর দুয়েক আগে পারিবারিক সিদ্ধান্তেই গাটছড়া বেঁধেছিলেন লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানার সঙ্গে। কিন্তু ভালোবাসার ঘর টিকল না স্বামীর পরকীয়ার জেরে!

জানা গেছে, গত বছর নভেম্বর থেকে এক ছাদের নিচে বসবাস করছেন না তারা। ঘটনার সত্যতা নিশ্চিত করলেও আপাতত এ নিয়ে বিস্তারিত বলার পরিস্থিতিতে নেই বলে বিষয়টি এড়িয়ে গেছেন মৌসুমী।

তবে খোঁজ নিতে গিয়ে জানা গেছে, রানার বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে গেল কয়েক মাস ধরেই নানা গুঞ্জন ভাসছে শোবিজে। নুসরাত তুবা নামে এক তরুণীর সঙ্গে রানার ঘনিষ্ঠতা নিয়েও শোনা যাচ্ছে নানামুখরোচক কাহিনী। মূলত এসব নিয়েই সংসারে অশান্তির সূত্রপাত। ভালোবাসার ঘরে সন্দেহের আনাগোনা। দ্বন্দ্বে জড়িয়ে পড়েন মৌসুমী-রানা। পরিস্থিতি এতোটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে এক পর্যায়ে সম্পর্কচ্ছেদের সিদ্ধান্ত নেন রানা। ডিভোর্স লেটার পাঠান মৌসুমীকে। অনেকেই বলছেন, নিজের অপকর্ম ঢাকতেই এমন পদক্ষেপ নিয়েছেন রানা।

রানার পরকীয়ার গুঞ্জনের ব্যাপারে খোঁজ নিতে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছে এশিয়া পোস্ট। নুসরাত তুবা নামে তরুণীর সঙ্গে রানার অন্তরঙ্গতার কিছু স্ক্রিনশটও হাতে এসেছে। জানা গেছে, রানা এবং তুবা একটি নির্মাণকারী প্রতিষ্ঠানে একসঙ্গে কাজ করছেন।

এ বিষয়ে জানতে চাইলে মৌসুমী হামিদ এশিয়া পোস্টকে বলেন, ‘আপনারা যা শুনেছেন, ঠিকই শুনেছেন। এ নিয়ে বিস্তারিত বলার মতো মানসিক অবস্থায় নেই আমি।’

২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিক আয়োজনে মৌসুমী হামিদ ও আবু সাইয়িদ রানার বিয়ে হয়। তাদের এই অনুষ্ঠানে শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। এশিয়া পোস্ট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top