মোঃমিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা)
নানা কর্মসূচির মধ্য দিয়ে ভোলার বোরহানউদ্দিনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সকাল সাড়ে ৬টায় ৩১ বার তোপধ্বনি ও মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় উপজেলা প্রশাসন , উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন।
সকাল ৯ টায় বোরহান উদ্দিন সরকারি হাই স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করেন উপজেলা প্রশাসক মোঃ রায়হান-উজ্জামান।
এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয় মেলা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, প্রীতি ফুটবল প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে তামিরুল উম্মাহ মাদ্রাসা, বোরহানউদ্দিন কামিল মাদরাসা, উপজেলা প্রশাসন স্কুল, বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়, উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোরহানউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয় অংশগ্রহণ করে।
বিজয় মেলায় ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট, উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ, তথ্য আপা প্রকল্প সহ বিভিন্ন সরকারী বেসরকারি প্রতিষ্ঠান নকশী কাঁথা, শীতের পিঠা, বিভিন্ন সৃজনশীল কর্মযজ্ঞ নিয়ে হাজির হয়।




