মো: মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খবির হোসেন চৌধুরীর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান। তিনি বলেন, যুব সমাজকে প্রশিক্ষিত করতে পারলে স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ নিয়ে অনেক বেকার যুবক কর্মসংস্থান তৈরি করে জীবনের মানোন্নয়ন ঘটাতে সক্ষম হয়েছেন।
অনুষ্ঠানে ২ জন যুবকের মধ্যে ২ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক ও বিভিন্ন ট্রেডে প্রশিক্ষিত ৩০ জনের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ছিদ্দিকুর রহমান। এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং প্রশিক্ষণরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




