গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : নোয়াব আলী বেপারী নামের এক প্রতারক আদম ব্যবসায়ীর খপ্পরে পড়ে সৌদি আরবে গিয়ে সেখানে মানবেতর জীবন যাপনের পাশাপাশি শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন রিদওয়ান আহাম্মেদ হৃদয় (২৮) নামের বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম শাওড়া গ্রামের এক তরুণ।
অভিযুক্ত নোয়াব আলী বেপারী ও তার ছেলে শাকিল বেপারী মিলে শনিবার বিকেলে হৃদয়কে পিটিয়ে যখম করেছে। ভিডিও কলে এসে আহত হৃদয় তার পিতা-মাতা ও স্বজনদেরকে নির্যাতনের ক্ষত দেখালে তাদের মধ্যে হৃদয়ের জীবন নিয়ে উৎকন্ঠা তৈরী হয়। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
হামলা, মারধর, নির্যাতন ও মুক্তিপণ চাওয়ার অভিযোগ অস্বীকার করে নোয়াব আলী বেপারীর ছেলে শাকিল বেপারী ভিডিও কলে বলেন, তাকে মারধর করা হয়নি, উল্টো সে আমার ওপর হামলা করে আমার নাক ফাটিয়ে দিয়েছে। কোন প্রকার মুক্তিপণও চাওয়া হয়নি। এ রকম কোন কাজ করার সুযোগ এ দেশে নেই। এ দেশের আইন অনেক কড়া। হৃদয় সব মিথ্যা অভিযোগ করছে।




