বানারীপাড়া প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী বানারীপাড়া উপজেলা শাখার উদ্যোগে ভোটকেন্দ্রভিত্তিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার। দলীয় কার্যালয় বাইতুন নাজাত মিলনায়তনে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনকে কেন্দ্র করে আয়োজিত এ কর্মসূচিতে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য মাওলানা একেএম ফখরুদ্দিন খান রাজী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বার এবং কেন্দ্রীয় শূরা সদস্য, নায়েবে আমীর বরিশাল জেলা ও বরিশাল-২ আসনের প্রার্থী মাস্টার আব্দুল মান্নান।
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত।
বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ভোটকেন্দ্রভিত্তিক সংগঠনকে শক্তিশালী করতে হবে। এলাকার জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ, তাদের সমস্যা ও প্রত্যাশা সম্পর্কে অবহিত থাকা এবং নীতি-আদর্শভিত্তিক ইতিবাচক প্রচারণা চালানো- এগুলোকে গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করতে হবে।
তারা আরও বলেন, আমরা চাই ইনসাফভিত্তিক বাংলাদেশ, যেখানে শাসন করবে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ। এজন্য প্রতিটি কর্মীকে ন্যায় ও সততার আদর্শে অবিচল থাকতে হবে এবং মানুষের আস্থা অর্জন করতে হবে।
সম্ভাব্য নেতিবাচক পরিস্থিতি—যেমন গুজব, ভয়ভীতি, অপপ্রচার কিংবা উসকানিমূলক কর্মকাণ্ড মোকাবিলায় সকলকে ধৈর্য, শৃঙ্খলা ও শান্তিপূর্ণ আচরণ বজায় রাখার আহ্বান জানানো হয়। আইন-শৃঙ্খলা মেনে সংগঠনের কার্যক্রম পরিচালনার মাধ্যমে জামায়াতে ইসলামীর প্রতি জনগণের আস্থা ও ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলার ওপরও বক্তারা গুরুত্বারোপ করেন।
সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, ভোটকেন্দ্রের প্রতিনিধিরা ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




