বাকেরগঞ্জে গৃহবধূ হত্যার ঘটনায় বাবা-ছেলে গ্রেফতার

এইচ এম খলিল, বাকেরগঞ্জ

বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠীতে গৃহবধূ আসমাকে (৫৫) গলা কেটে হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দুজন হলেন মোঃ মোস্তফা হাওলাদার (৪০) ও তার ছেলে মোঃ শফিকুল ইসলাম (১৫)। রবিবার সন্ধ্যায়  কলসকাঠী থেকে তাদের গ্রেফতার করে উপ-পরিদর্শক রফিকুল ইসলামর নেতৃত্বে বাকেরগঞ্জ  থানা পুলিশের একটি দল।

বাকেরগঞ্জ থানা সূত্রে জানা যায়, জায়গা-জমি নিয়ে নিহত আসমার স্বামী আবুল হোসেনের সঙ্গে আসামী মোস্তফা হাওলাদারের ঝগড়ার জের ধরে ১৭ জুন মঙ্গলবার মাগরিবের পরে আসমা বেগমকে বাড়িতে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওই সময় আসমার স্বামীসহ পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ছিলেন না।

নিহত আসমার স্বামী মোঃ আবুল হোসেন কলসকাঠী কেন্দ্রীয় জামে মসজিদে মাগরিবের নামাজ পড়ে বাসায় গিয়ে স্ত্রীর রক্তাক্ত লাশ দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসমা বেগমকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ১৮ জুন বুধবার নিহত আসমা বেগমের ছেলে আছিম বিল্লা বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নিহতের ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের করলে বাকেরগঞ্জ থানা পুলিশ তদন্ত শুরু করে। ঘটনার পাঁচ দিনের মাথায় মামলার দুইজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে । গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সোমবার সকালে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top