ওয়াহিদ-উন-নবী , ববি : দীর্ঘ ২৯ দিনের শিক্ষার্থীদের আন্দোলনের পর গত মঙ্গলবার (১৩ মে) বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাবেক ভিসি অধ্যাপক ড. শুচিতা শরমিনকে অপসারণ করা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও ট্রেজারারও দায়িত্ব থেকে অব্যাহতি পান। সাবেক ভিসির অপসারণের পর অন্তর্বর্তীকালীন ভিসি হিসেবে নিয়োগ পান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তিনি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম তার বক্তব্যে বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়কে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে এবং এ বিশ্ববিদ্যালয়ের মান, মর্যাদা ও র্যাংকিং আরও এগিয়ে নিতে আমি আমার সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করব।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমি সচেষ্ট থাকব। যেহেতু আমি বাইরে থেকে এসেছি, তাই বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো জানা আমার জন্য জরুরি। প্রতিটি বিভাগের সিআর ও এসিআরসহ শিক্ষকদের সঙ্গে মিটিং করে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করব। তিনি আরো বলেন, আমি সকলের জন্য উন্মুক্ত। যেকেউ আমার সাথে যেকোনো ব্যাপার দেখা করার সুযোগ পাবে।
পরবর্তীতে শিক্ষার্থীদের সাথে গিয়ে তালাবদ্ধ ভিসির বাসভবনে তালা খুলেন তিনি। এসময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বন্ধ করে দেওয়া দপ্তরের তালার দাবি ভিসির হাতে তুলে দেন।
এদিকে নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. তৌফিক আলমের যোগদানের মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ হবে বলে মনে করছেন শিক্ষার্থীরা। তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক ক্ষেত্রে নতুন দিগন্তে এগিয়ে যাবে বলে আশাবাদী শিক্ষার্থীরা।



