বরিশালে আন্তর্জাতিক কিরাত মাহফিল শুক্রবার

বরিশাল জার্নাল ডেস্ক

‘আল কুরআন একাডেমি বরিশাল’-এর আয়োজনে বিভিন্ন দেশের খ্যাতিমান ক্বারীদের নিয়ে  শুক্রবার বরিশালে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক কিরাত মাহফিল।

বিকেল ৩টায় বরিশাল হেমায়েত উদ্দীন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মাহফিলটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে বলেও জানিয়েছেন আয়োজকরা।

আল কুরআন একাডেমি বরিশালের আয়োজক কমিটির আহ্বায়ক মো: আব্দুল হাই জানান, বরিশালের আন্তর্জাতিক কিরাত মাহফিলে কিরাত পরিবেশনে আসছেন মরক্কোর ক্বারী ইলিয়াস আল মিহয়াউঈ, পাকিস্তানের ক্বারী হাম্মাদ আনওয়ার নাফীসী, ইরানের ক্বারী হামীদ রেজা আহমাদী ওয়াফা, মিশরের শাইখ ইয়াসির শারক্বাউঈ এবং বাংলাদেশের প্রখ্যাত ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী।

আয়োজক কমিটির সদস্য সচিব মোহাম্মদ আবদুল মান্নান জানান, ‘আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা’ (ইক্বরা)-এর আমন্ত্রণে এসব বিদেশী ক্বারী বাংলাদেশে এসেছেন।

‘আল কুরআন একাডেমি বরিশাল’-এর সভাপতি ও বিএম কলেজ ইসলামী শিক্ষা বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর মোয়াজ্জেম হোসাইন ও প্রফেসর মোহাম্মদ আবদুর রব জানান ‘ইনশাআল্লাহ, আল-কুরআনের মোহময় সুরে প্রকম্পিত হবে বরিশালের ময়দান। লাখো জনতার সমাগমের প্রস্তুতি নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছে মাহফিল বাস্তবায়ন কমিটি।’

ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তারা।

কিরাত মাহফিল বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক তৈয়বুর রহমান আজাদ জানান, ‘শুক্রবার বিকেল ৩টা থেকে ইসলামী সাংস্কৃতিক পরিবেশনায় থাকবে ঢাকার সাইমুম শিল্পীগোষ্ঠী ও হ্যাভেন টিউন নাশিদ ব্যান্ড, বরিশাল সাংস্কৃতিক সংসদ ও হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী।

প্রসঙ্গত, মাহফিলে মহিলাদের জন্য থাকছে আলাদা প্যান্ডেল, যেখানে পর্দাসহ বসার সু-ব্যবস্থা রয়েছে। মাহফিলে অংশগ্রহণের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে গত কয়েকদিন যাবত নগরীসহ পুরো বরিশাল বিভাগজুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top