বরিশালকে মাদকমুক্ত শহর গড়তে ‘যুদ্ধের’ ঘোষণা প্রশাসক শিরীনের

বরিশাল জার্নাল ডেস্ক

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেছেন, কোনোভাবেই মাদককে ছাড় দেওয়া হবে না। প্রভাবশালী কেউ জড়িত থাকলেও রেহাই নেই—মাদকবিরোধী এই লড়াইয়ে নিজেকে একজন যোদ্ধা হিসেবে দেখছেন তিনি।

বুধবার (১৮ মার্চ) দুপুরে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহারের অর্থ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রশাসক শিরীন বলেন, “আমাদের সন্তানদের কোনো ধরনের মাদকে জড়াতে দেবো না।

 

তিনি আরও বলেন, “আমি বরিশাল সিটিকে একটি মাদকমুক্ত শহর হিসেবে দেখতে চাই। মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ আছে, এবং সেই যুদ্ধে আমি একজন যোদ্ধা হয়ে কাজ করবো।

 

নগরভবনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রশাসকের চেয়ার কোনো ব্যক্তির নয়, এটি সবার। তাই এ চেয়ারকে দুর্নীতিমুক্ত ও সম্মানজনক রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে পরিচ্ছন্নতা বিভাগের কর্মীদের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “এই শহর যাদের শ্রমে সুন্দর থাকে, তারা হচ্ছেন পরিচ্ছন্নতা কর্মীরা। তাদের কথা চিন্তা করেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহারের ব্যবস্থা করা হয়েছে।

 

তিনি জানান, প্রত্যেক কর্মীকে দেওয়া ৫ হাজার টাকার এই সহায়তাকে তিনি উপহার নয়, বরং তাদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।

দাবি-দাওয়া নিয়ে কর্মীদের উদ্দেশ্যে সতর্ক করে প্রশাসক বলেন, কাজ বন্ধ রেখে দাবি আদায় করলে শহরের স্বাভাবিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। গঠনমূলক উপায়ে দাবি উত্থাপনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই শহর সবার—একে পরিষ্কার রাখা আমাদের সবার দায়িত্ব।”

এ সময় কর্মীদের যেকোনো ন্যায্য দাবির প্রতি প্রশাসনের সমর্থন থাকবে বলেও আশ্বাস দেন তিনি। বাংলা নিউজ টোয়েন্টি ফোর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top