মাহমুদুল হাসান, বানারীপাড়া প্রতিনিধি
এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল জেলা শাখা। বুধবার (১৩ আগস্ট) সকালে বানারীপাড়া উপজেলা অডিটরিয়ামে এই অনুষ্ঠানে উপজেলার স্কুল ও মাদ্রাসা মিলিয়ে মোট ৯৭ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
ছাত্রশিবিরের বরিশাল জেলা সেক্রেটারি সাইয়েদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি হারুন অর রশীদ রাফি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ছাত্রশিবির সভাপতি আলী আকবর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সভাপতি মোঃ আমিনুল ইসলাম, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সভাপতি ডা. ইসমাইল সরকার এবং পৌর জামায়াতের আমির কাওসার হোসাইন।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আতিকুল ইসলাম, যুব জামায়াত সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ, আল-আরাফা ব্যাংকের ম্যানেজার মাহতাব উদ্দিন, উপজেলা ছাত্রশিবির সভাপতি হাফেজ মেহেদী হাসান, সেক্রেটারি সাখাওয়াত হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।
অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদেরকে নৈতিকতা, জ্ঞান ও আদর্শের আলোকে নিজেদের গড়ে তুলে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।




