মাহমুদুল হাসান, বানারীপাড়া প্রতিনিধি :
বানারীপাড়া উপজেলাধীন চাখার মৌজার জমির মালিকানা নিয়ে মাহবুব আলম (৫৪) ও সিদ্দিকুর রহমান (৫০) নামের দুই ভাইয়ের দ্বন্দ্বের জেরে দেবরের হাতে হামলার শিকার হন ভাবি ডলি বেগম (৪২)।
গত ১৬ ফেব্রুয়ারি সিদ্দিকুর রহমান ওই জমির উপর অবস্থিত মাহবুব আলমের ব্যবসা প্রতিষ্ঠানে তালা দেয়, পরের দিন ১৭ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৯টার দিকে দোকানের সামনে এসে তালা দেখতে পেয়ে তালা ভাঙেন মাহবুব আলম। এসময় সিদ্দিকুর রহমান এসে তাদেরকে দোকানে প্রবেশে বাধা দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। গালিগালাজে নিষেধ করলে তিনি আরো চড়াও হন এবং মাহবুব আলমের স্ত্রী ডলি বেগম সামনে এলে তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাথাড়ি কিল, ঘুষি, লাথি দিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ডলি বেগমকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করানো হয়।
মুঠোফোনে অভিযুক্ত সিদ্দিকুর রহমানের পরিবারের সাথে যোগাযোগ করলে তারা মারধর ও লুট পাটের ঘটনাটি মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন।
এ বিষয়ে থানায় একটি অভিযোগ করা হয়। বানারীপাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।




