আগৈলঝাড়ায় টেন্ডার ছাড়া সরকারি গাছ বিক্রি

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

বরিশালের আগৈলঝাড়ায় কোনরকম টেন্ডার ছাড়াই তিন লক্ষাধিক টাকার সরকারি গাছ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ছয়টি গাছ কাটা হলেও স্থানীয়দের বাধার কারণে বাকি গাছগুলো কেটে নিতে পারেনি ক্রেতা। ইতোমধ্যে কেটে ফেলা গাছগুলো জব্দ করেছে বন বিভাগ।

রত্নপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোবহান বেপারী এবং সাধারণ সম্পাদক রফিকুল হাওলাদার ও লাল মিয়া জানান, রত্নপুর ইউনিয়নের থানেশ্বর কাঠি গ্রামে পানি উন্নয়ন বোর্ডের বাঁধে লাগানো বিভিন্ন প্রজাতির অর্ধশত গাছ টেন্ডার ছাড়াই বিক্রি করেন স্থানীয় প্রভাবশালী সোলেমান সরদার।

পানি উন্নয়ন বোর্ডের বরিশাল কার্যালয় সুত্রে জানা যায়, ১৯৯৩- ৯৪ অর্থ বছরের রত্নপুর ইউনিয়নের সুইচগেট সংলগ্ন থানেশ্বরকাঠি সরকারি এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের এক পাশে স্থানীয় লোকজন মেহগনি গাছ রোপন করে। নিয়ম অনুযায়ী এসব গাছের মালিক পাউবো। প্রতিষ্ঠানটি এসব গাছ কেটে বিক্রি করবে এবং পরে গাছ বিক্রির টাকা একটি অংশ স্থানীয় লোকজনের মধ্যে ভাগ করে দিবে।

এলাকাবাসীর অভিযোগ, পাউবোর অনুমতি ছাড়াই ৭-৮ দিন ধরে রত্নপুর ইউনিয়নের রত্নপুর গ্রামের সলেমান সরদার বিভিন্ন প্রজাতির ৫০ টি গাছ বিক্রি করে এবং ইতোমধ্যে কিছু গাছ কেটে ফেলেছে।

এ বিষয়ে অভিযুক্ত সোলেমান সরদার বলেন, আমি পানি উন্নয়ন বোর্ডের এই জায়গা লিজ নিয়েছি। তাই ওই জায়গায় লাগানো গাছ বিক্রি করেছি।

উপজেলা বন কর্মকর্তা স্বপন অধিকারী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমি ঘটনা স্থলে গিয়ে দেখতে পাই ছয়টি গাছ কাটা হয়েছে। আমি ছয়টি কাটা কাজ জব্দ করেছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top