মাত্র ৭ মাসে হাফেজ হলেন উজিরপুরের আবদুল্লাহ

 

মোঃ সুমন হাওলাদার, উজিরপুর,

মাত্র ৭ মাসে পবিত্র কুরআন হিফজ করে ব্যতিক্রমী এক নজির স্থাপন করেছেন উজিরপুর পৌরসভার বেলতলা এলাকার মারকাযুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার ছাত্র হাফেজ মোঃ আব্দুল্লাহ( ১০) । সাধারণত, কুরআন হিফজ সম্পন্ন করতে কয়েক বছর সময় লাগে। কিন্তু একনিষ্ঠ পরিশ্রম, আল্লাহর অসীম রহমত এবং মাদ্রাসার দক্ষ শিক্ষকদের সহযোগিতায় সে মাত্র ৭ মাসেই পুরো কুরআন মুখস্থ করতে সক্ষম হয়েছে।

মাদ্রাসার প্রধান মুহতামিম হাফেজ ক্বারী আব্দুল্লাহ বলেন, ছাত্রটি শুরু থেকেই অসম্ভব মেধাবী ও অধ্যবসায়ী ছিল। তার এই অসাধারণ অর্জন আমাদের মাদ্রাসার জন্য গর্বের বিষয়। আল্লাহ তাকে যে মেধা দিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। এই অর্জন দেখে অন্য শিক্ষার্থীরাও ব্যাপক অনুপ্রাণিত হচ্ছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং দোয়া করি, সে যেন আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বৃদ্ধি করতে পারে।

হাফেজ মোঃ আব্দুল্লাহর বাবা মোঃ জাহিদ বলেন, স্বপ্ন ছিল ছেলেকে কুরআনের হাফেজ বানাব। আল্লাহ তায়ালা আমার স্বপ্ন এত কম সময়ে পূরণ করবেন জানা ছিল না। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। শিক্ষকদেরও ধন্যবাদ, তাদের একান্ত প্রচেষ্টায় আমার ছেলে মাত্র সাত মাসে কোরআনের হাফেজ হয়েছে।

এই অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে মঙ্গলবার ১১ই মার্চ মাদ্রাসার পক্ষ থেকে এক দোয়া মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় ইসলামপ্রেমী জনগণ, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।

স্থানীয় বাসিন্দারা হাফেজ মোঃ আব্দুল্লাহ’র এই কৃতিত্বকে আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। তাদের আশা আবদুল্লাহর সাফল্যে অনুপ্রাণিত হবে অন্য শিক্ষার্থীরাও।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top