হজের আনুষ্ঠানিকতা শুরু

 

বরিশাল জার্নাল ডেস্ক: এবারের হজ মৌসুমে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এর আগেই সুরক্ষার ভিন্ন ভিন্ন পদক্ষেপ নিয়েছে সৌদি আরব সরকার। গত বছর তীব্র গরমে ১ হাজার ৩০০-এর বেশি হাজির মৃত্যু হয়েছিল। নিহত ব্যক্তিদের অধিকাংশই ছিলেন নিবন্ধনহীন এবং বয়সে প্রবীণ বা অসুস্থ।

সৌদি গেজেট জানিয়েছে, বুধবার ফজরের পর থেকে হাজিরা মক্কার আবাসন থেকে দলে দলে মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। এ সময় তাদের মুখে ছিলো লাব্বাইক… আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি। বুধবার সারাদিন ও রাত তারা মিনায় থাকবেন। এর মধ্য দিয়েই মূলত হতে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বৃহস্পতিবার হাজিরা যাবেন আরাফাতের ময়দানে।

চলতি বছর প্রায় ২০ লাখের বেশি মুসল্লি হজ করছেন। বিপুলসংখ্যক মানুষের হজ ব্যবস্থাপনায় তাই প্রযুক্তির সহায়তায় নজরদারি বাড়িয়েছে সরকার। এ ছাড়া নিবন্ধন ছাড়া কেউ হজ পালনের চেষ্টা করলে ৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত জরিমানা ও দেশে ফেরত পাঠানোর মতো শাস্তি নির্ধারণ করা হয়েছে।
মক্কায় এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ইতিমধ্যেই ২ লাখ ৬৯ হাজারের বেশি মানুষকে মক্কায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে। কারণ, তাঁদের হজের অনুমতি ছিল না। হজ আইন লঙ্ঘনের দায়ে ২৩ হাজারের বেশি বাসিন্দার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ৪০০টি হজ এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে।

সৌদি স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল-জালাজেল বলেছেন, ‘২০২৪ সালে মৃত্যুবরণকারীদের ৮০ শতাংশই ছিলেন অনিবন্ধিত হজযাত্রী। এ বছর আমরা আন্তর্জাতিক মিশনগুলোর সঙ্গে সমন্বয় করে প্রযুক্তির মাধ্যমে প্রত্যেক হাজিকে পর্যবেক্ষণে রাখছি।’

সব হাজিকে এবার স্মার্ট হেলথ ট্র্যাকার পরতে দেওয়া হচ্ছে, যা শরীরের তাপমাত্রা ও হার্ট রেট পরিমাপ করবে। এই ট্র্যাকার হিট স্ট্রোক বা ক্লান্তির আশঙ্কা হলে সতর্কবার্তা দেয়। তা ছাড়া অতিরিক্ত গরম থেকে রক্ষা পেতে বিশ্রামকেন্দ্র, পানির বাষ্প ছিটানোর স্টেশন, ছায়াযুক্ত এলাকা ও পর্যাপ্ত পানির ব্যবস্থা করা হচ্ছে।

হজযাত্রীদের জন্য এবার হেলথ আইডি কার্ড বহনও বাধ্যতামূলক করা হয়েছে এবং ‘নুসুক’ অ্যাপ ডাউনলোড করতে জোর দেওয়া হচ্ছে। এই অ্যাপের মাধ্যমে তাঁরা জরুরি সহায়তা, দিকনির্দেশনা ও তথ্য পেতে পারবেন। ব্যক্তিগতভাবে পানি পান, ছাতা ব্যবহার, রোদে বেশি সময় না থাকা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top