চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: চরফ্যাশনে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজারীগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে মাহে রমাদান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে ইউনিয়নের চেয়ারম্যান হাট বাজারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।
অনুষ্ঠানে উপস্থিত জনতার উদ্দেশ্যে অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেন, আল্লাহর আইন অনুযায়ী যেভাবে আমরা সুশৃঙ্খলভাবে নামায আদায় করি, একই ভাবে আল্লাহর আইন দ্বারা সমাজ ও রাষ্ট্র পরিচালিত হলে দেশে শৃঙ্খলা চলে আসবে। এইজন্য দরকার ইসলামী সরকার, যে সরকার ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার ঘরে ঘরে পৌঁছে দিবে।
জামায়াতে ইসলামী হাজারীগঞ্জ ইউনিয়নের সভাপতি মাস্টার আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আবুল কাশেম, বিএনপির হাজারীগন্জ ইউনিয়ন সভাপতি মোতাসিন বিল্লাহ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাস্টার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী গিয়াসউদ্দিন প্রমুখ। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যানে দোয়া মোনাজাত করেন বিশিষ্ট আলেমে দ্বীন, প্রবীণ ইসলামী বক্তা মাওলানা আব্দুর রহিম ।
বিভিন্ন শ্রেণির পেশার হাজারো মানুষ আলোচনা সভা ও ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন।
এর আগে চেয়ারম্যান বাজার ইসলামিয়া আলিম মাদরাসার মাঠে মহিলা জামায়াতের ইফতার মাহফিলেও প্রধান অতিথি হিসেবে অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বক্তব্য রাখেন। সেখানে নয় শতাধিক মহিলা অংশ গ্রহণ করেন।




