রাঙ্গাবালীতে বেসরকারি শিক্ষকদের মানববন্ধন

রবিন আহম্মেদ, রাঙ্গাবালী (পটুয়াখালী)

মাধ্যমিক পর্যায়ের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে বৈষম্য দূরীকরণের দাবিতে পটুয়াখালীর রাঙ্গাবালীতে মানববন্ধন করেছেন বেসরকারি স্কুল-মাদরাসার শিক্ষক-কর্মচারীরা। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে এ আয়োজন করা হয়।

মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

এতে উপজেলার বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক-কর্মচারী অংশ নেন। বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলার সাজির হাওলা আকবাড়িয়া দাখিল মাদরাসার সুপার সুলতানুর রহমান ও বড়বাইশদিয়া এ হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাব হোসাইন প্রমুখ।

বক্তারা বলেন, ‘মাধ্যমিক স্তরের ৯৭ শতাংশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা অত্যন্ত জরুরি। একই শিক্ষাগত যোগ্যতা, একই বই পড়ানো, একই বোর্ডের আওতায় পরীক্ষা। অথচ সরকারি ও বেসরকারি নাম দিয়ে আর্থিক ও সামাজিক মর্যাদার মধ্যে বৈষম্য তৈরি করে রাখা হয়েছে। যা শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রধান অন্তরায়। তাই শিক্ষার সকল অংশীজনের প্রাণের দাবি মাধ্যমিক শিক্ষা শতভাগ জাতীয়করণের।
এ বিষয়ের একই দাবি তুলে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব বরাবর স্মারকলিপি প্রদানের ঘোষণা দেওয়া হয় কর্মসূচিতে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার ছোটবাইশদিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক ও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুহাম্মদ কবির হুসাইন, রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেছার উদ্দিন নাসির, ছোটবাইশদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার আলমগীর হোসেন ও ছালেহা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ হোসেন প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top