নিজস্ব প্রতিবেদক
ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনা নদীতে জেলা ও চরফ্যাশন উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং কোস্টগার্ডের একটি টিম নিয়ে ১০ ডিসেম্বর দিন ব্যাপী অবৈধ বেহুন্দী ও ধরা জাল আটকে বিশেষ অভিযান পরিচালিত হয়।
এদিকে অভিযান চলাকালীন আটক জালের ছবি তুলতে গেলে সংবাদকর্মীকে নিষেধ করা হয়। কোস্ট গার্ডের স্পিড বোট থেকে বলা হয়, ছবি তোলা যাবে না, এটা বিশেষ অভিযান। পাশাপাশি বক্তব্য নিতে চাইলে বক্তব্য দেননি। অভিযান শেষে বক্তব্য দেয়ার কথা বলেন তারা।
পরে চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্তু কুমার অপু’র সাথে মুঠোফোনে কথা বলার পর বিকেলে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের অভিযানে থাকা কর্মকর্তাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপে আটক জাল আগুনে পুড়িয়ে দেয়ার ছবি ও তথ্য নেয়া হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, অভিযানে ২৩টি বেহুন্দী ও ১টি ধরা জাল আটক করা হয়। আটক জালগুলো চরকচ্ছপিয়া কোস্ট গার্ডের অফিস সংলগ্ন মাঠে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়।
চরফ্যাশন মৎস্য অফিস সূত্রে জানা গেছে, অভিযানে উপস্থিত ছিলেন চরফ্যাশন মেরিন ফিশারিজ কর্মকর্তা তানভীর আহমেদ, সহকারী মৎস্য কর্মকর্তা (ইলিশ ভোলা) মাহবুব আলম (শুভ) ও চরফ্যাশন কোস্ট গার্ড কন্টিজেন্ট কমান্ডার মো: সাইফুল ইসলাম।




