চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত ও ইসলামী সমমানা ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালকে ম্যাসেন্জারে ভয়েস এসএমএস দিয়ে প্রাণনাশের হুমকি, অশালীন ভাষায় গালমন্দ করা হয়েছে। অজ্ঞাত ফেসবুক আইডি থেকে এটি করা হয়েছে।
এ ব্যাপারে অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালের পক্ষে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট এনামুল হক রায়হান সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তার মো: লোকমান হোসেন এর কাছে (২৭জানুয়ারি) দুপুরে
লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ‘ইসলামী শ্রমিক আন্দোলন ওমরপুর শাখা’ নামে একটি অজ্ঞাত ফেসবুক পেইজ থেকে ধারাবাহিকভাবে তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, অপপ্রচার এবং হুমকি দেওয়া হচ্ছে। গত ২৬ জানুয়ারি উক্ত পেজ থেকে প্রকাশিত একটি লাইভ ভিডিওতে তাকে উদ্দেশ করে ভীতিকর ও উসকানিমূলক বক্তব্য দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
পাশাপাশি অধ্যক্ষ মোস্তফা কামালের ম্যাসেন্জারে ভয়েস এসএমএস মাধ্যমে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়।
তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডে তার নির্বাচনী প্রচারণা ব্যাহত হচ্ছে এবং ব্যক্তিগত নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট ফেসবুক পেইজ অ্যাডমিনদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
এ বিষয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২৬ ভোলা- ৪ আসনের সহকারী রিটার্নি কর্মকর্তা মোঃ লোকমান হোসেন বলেন, জামায়াত প্রার্থীর পক্ষে থেকে একটা লিখিত অভিযোগ পেয়েছি। নির্বাচন অনুসন্ধান টিম তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।




