বোরহানউদ্দিনে বাংলা নতুন বছরে যানবাহন টোল মুক্ত ঘোষণা

 

মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা) : ভোলার বোরহানউদ্দীনে পৌরসভার ইজারার মাধ্যমে অটো, মোটরবাইক, যাত্রীবাহী অনন্য যানবাহন থেকে ফি/টোল/চার্জ আদায় বন্ধ ঘোষণা করেছেন বোরহানউদ্দিন পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান।

বৃহস্পতিবার (১৩ই ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে এক বক্তব্যে তিনি জানান, বোরহানউদ্দীন পৌরসভার ইজারার মাধ্যমে অটো, মোটরবাইক, যাত্রীবাহী অনন্য যানবাহন থেকে ফি/টোল/চার্জ গ্রহণসংক্রান্ত বিষয়ে বোরহানউদ্দিনের ছাত্র-জনতাসহ সর্বস্তরের সচেতন নাগরিকগণ দীর্ঘদিন ধরে তীব্র আপত্তি জানিয়ে আসছেন । প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে ছাত্র-জনতাসহ সকল স্তরের সচেতন নাগরিকগণ এটি বন্ধের আহবান জানিয়েছেন।

কিন্তু বাংলা ১৪৩১ সনের জন্য আমি দায়িত্ব গ্রহণের পূর্বেই ইজারা প্রদান করা হয়েছিলো বিধায় উক্ত ব্যাপারে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি।

পৌরবাসীর আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলা ১৪৩২ সনের জন্য অটো, মোটরবাইক, যাত্রীবাহী অনন্য যানবাহন প্রবেশসংক্রান্ত কোন ইজারা প্রদান করা হবেনা। তাই আগামী ১ লা বৈশাখ ১৪৩২ (১৪ এপ্রিল ২০২৫) থেকে পৌরসভার ইজারার মাধ্যমে আর কোন ইজারাদার অটো/যানবাহন প্রবেশসংক্রান্ত আর কোন টোল/চার্জ/ফি গ্রহণ করতে পারবে না।

কিন্তু পৌরসভাকে যেহুতু নিজস্ব আয় করে চলতে হয় তাই যত্রতত্র পার্কিং রোধ এবং অতিরিক্ত অটো প্রবেশ সীমিত করার জন্য লাইসেন্স নবায়ন ব্যতীত কোন অটো পৌরসভা এলাকায় প্রবেশ করতে দেয়া হবে না। মাছ ও কাঁচা বাজার এবং ব্যবসায়িক মালামাল পরিবহনে শুধু ট্রাকস্ট্যান্ড ইজারা দেয়া হবে।

তিনি বলেন, সেই সাথে পৌরসভা এলাকার পরিবেশ দূষণ রোধে ময়লামহল সৃষ্টি করে বাসা বাড়ির উৎপাদিত ময়লা সংগ্রহ করতে ইজারা দেয়া, নবনির্মিত ওয়াশজোন রক্ষনাবেক্ষণে গণশৌচাগার হিসেবে ইজারা দেয়া যায় কিনা তাও বিবেচনাধীন এবং নগরবাসীর বিনোদনের জন্য লঞ্চঘাট এলাকায় ব্রীজের নিচসহ আশেপাশে সৌন্দর্যবর্ধন প্রকল্প হাতে নেয়া হয়েছে তাই ওখানে থাকা ভবনের দ্বিতীয় তলায় ফুড পার্ক গড়ে তোলে করে নগরবাসীর ফুড আড্ডার পাশাপাশি দোকান ভাড়া দিয়ে কিছু টাকা আয়ের পরিকল্পনা করেছি এ বিষয়ে সকলের মতামত চাই।

সেই সাথে সকলকে বকেয়া পৌরট্যাক্স ও ট্রেডলাইসেন্সের টাকা পরিশোধ করতে অনুরোধ করি, না হলে আয়ের অভাবে পৌরসভার স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হবে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top