বোরহানউদ্দিনে ফারিয়ার প্রতিবাদী মানববন্ধন

মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতাঃ

বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) বোরহানউদ্দিন শাখার উদ্যোগে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আয়োজিত এ কর্মসূচিতে ফারিয়ার নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা দালাল নই, বরং স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ অংশীদার। নতুন নতুন ওষুধ ও আধুনিক চিকিৎসা সম্পর্কিত তথ্য চিকিৎসকদের কাছে পৌঁছে দিয়ে রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।

তারা আরও বলেন, ওষুধের গুণগত মান ও নতুন উদ্ভাবনের তথ্য চিকিৎসকদের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অথচ কিছু মহল তাদের পেশাকে নেতিবাচকভাবে উপস্থাপন করছে, যা অত্যন্ত দুঃখজনক।

মানববন্ধন শেষে ফারিয়া নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে স্মারকলিপি প্রদান করেন।

ফারিয়া বোরহানউদ্দিন শাখার সভাপতি পারভেজ ও সাধারণ সম্পাদক নিয়াজের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে বোরহানউদ্দিন ও কুঞ্জেরহাট ফারিয়ার নেতৃবৃন্দসহ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে যেন তাদের কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয় এবং তাদের সামাজিক মর্যাদা নিশ্চিত করা হয়। পাশাপাশি ভবিষ্যতে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top