বরগুনায় চাঁদা আদায়ের অভিযোগে শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ২

বরিশাল জার্নাল ডেস্ক

বরগুনার আমতলী উপজেলায় অটোরিকশা ও আলফা গাড়ির স্ট্যান্ড থেকে চাঁদা আদায়ের অভিযোগে মো. মিল্টন হাওলাদার নামে এক শ্রমিকদল নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মিল্টন আমতলী পৌর শ্রমিকদলের সভাপতি। এছাড়াও আটক অন্যজন হলেন তার সহযোগী লাইনম্যান সুমন। 

 

মঙ্গলবার (৫ মে) দুপুরের দিকে আমতলী বাধঘাট চৌরাস্তা থেকে তাদের আটক করা হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাসনাইন পারভেজ বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমতলীর বাধঘাট চৌরাস্তা নামক এলাকার অটোরিকশা ও আলফা গাড়ির স্ট্যান্ডের চালকদের থেকে চাঁদা আদায়ের সময় চালক ও স্থানীয়রা মিলে পৌর শ্রমিকদলের সভাপতি মিল্টন হাওলাদার ও তার সহযোগী সুমন মৃধাকে আটকে রাখেন।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মিল্টন হাওলাদার ও সুমনকে আমতলী থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়। 

পরে মো. আনোয়ারুল ইসলাম নামে স্থানীয় এক বাসিন্দা বাদী হয়ে আমতলী থানায় একটি লিখিত অভিযোগ দিলে, মিল্টন হাওলাদার ও সুমনকে গ্রেপ্তার দেখানো হয়।

 

বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন বলেন, বিষয়টি জেনেছি। এ ঘটনায় যদি মিল্টন হাওলাদারের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাসনাইন পারভেজ বলেন, চাঁদা আদায়ের অভিযোগে স্থানীয় বাসিন্দা, অটোরিকশা ও আলফা চালকরা মিল্টন হাওলাদার ও সুমন নামে দুজনকে আটক করে রাখেন। খবর পেয়ে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে থানায় লিখিত অভিযোগ পেলে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বাংলা নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top