ছাত্র-জনতার সংগ্রাম ম্লান হতে দেয়া যাবে না : নাজিম উদ্দীন আলম

 

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলা -৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সভাপতি নাজিম উদ্দিন আলম বলেছেন, ছাত্র-জনতার আন্দোলন সংগ্রামকে ম্লান হতে দেয়া যাবে না। আমি চাই চরফ্যাশন ও মনপুরার মানুষ শান্তিতে থাকবে, শান্তিতে ঘুমাবে। আমি চাই না ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকেরা যা করেছে, আমার লোকেরা তা করে আওয়ামী লীগ যে পরিনতি ভোগ করেছে সে পরিনতি ভোগ করুক।

রবিবার বিআরডিবি সড়কে নিজ বাসভবনে উপজেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে নাজিম উদ্দিন আলম আরো বলেছেন, আপনারা দলীয় হাই কমান্ডের সিদ্ধান্ত মেনে চলবেন। কেউ যদি দলীয় সিদ্ধান্ত অমান্য করেন, নিরীহ মানুষকে হয়রানি করেন আমি তাদেরকে পুলিশ, সেনাবাহিনী দিয়ে গ্রেফতার করাবো। তিনি তার বক্তব্যে জুলাই আন্দোলনে সকল শহীদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের রুহের মাগফিরাত কামনা করেন। আহতদের সুস্থতা কামনা করেন।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন। উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম দুলালসহ জামায়াত ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম আসলামী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top