মোঃ জিহাদ, মনপুরা (ভোলা) প্রতিনিধি
১১ দলীয় জোটের প্রধান শরীক বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালের নির্বাচনীয় পথসভা মঙ্গলবার (২৭জানুয়ারী) ভোলার মনপুরা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত সমাজ উপহার দেওয়া সম্ভব, কারণ তাঁর দলে কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীর স্থান নেই। তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি মনপুরা ও চরফ্যাশনে পৃথক দুটি কৃষি ইনস্টিটিউট প্রতিষ্ঠার মাধ্যমে এই অঞ্চলের কৃষকদের আধুনিক প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করা হবে।
সাংবাদিক প্রশ্নের জবাবে মোস্তফা কামাল বলেন, জামায়াতে ইসলামীতে স্বজনপ্রীতির কোন স্থান নেই, আমরা ক্ষমতায় এলে সরকারি প্রত্যেকটি কর্মকাণ্ড জনগণকে অবহিত করা হবে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে আমি যা ওয়াদা করেছি তা আগামী দুই বছরের ভিতরেই বাস্তবায়ন করা সম্ভব হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা রফিকুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যেভাবে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রভাবমুক্ত করে একটি নিরাপদ ক্যাম্পাস উপহার দিয়েছে, একইভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশকে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে।
সভাপতির বক্তব্যে মাওলানা আমিমুল ইহসান জসিম বলেন, জামায়াতে ইসলামীর কোন কর্মী আইন নিজের হাতে তুলে নেবে না। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি সকলকে প্রতিপক্ষের উস্কানিতে পা না দেওয়ার আহ্বান জানান।
পথসভায় আরও উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা যুব ও ক্রীড়া সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, মনপুরা উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন ফারাজি, উপজেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা জামাল ফরাজী, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা শামসুদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা ইউনুস, হাফেজ মতিউর রহমান নিজামী, এনসিপির মনপুরা উপজেলা আহ্বায়ক মো. নূরনবী, মনপুরা ইউনিয়নের আমির মাওলানা শাহ ইমরান চৌধুরী, হাজিরহাট ইউনিয়নের আমির হাফেজ মাওলানা জামাল উদ্দিন, উত্তর সাকুচিয়া ইউনিয়নের আমির মাওলানা আবু সুফিয়ান এবং মনপুরা উপজেলা শিবির সভাপতি মেহেদি হাসান তানভীরসহ স্থানীয় নেতাকর্মীরা।




