মোহাম্মদ এমদাদ হোসাইন, হিজলা থেকে: হিজলা উপজেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্য উৎসব ২০২৫ উদযাপন করা হয়। এই লক্ষ্যে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হিজলা হলরুমে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ বিষয়ে সকাল ১১টায় একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার শুরুতে প্রতিপাদ্য বিষয়ের উপর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিজলা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আযাদ, কৃষি অফিসার আহসানুল হাবিব আল আযাদ জনি ও উপজেলার প্রকৌশলী।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, আগামীর বাংলাদেশ এমন হবে যেখানে জনগণ সরকারী অফিস থেকে তার অধিকারগুলো খুব সহজে পাবেন এবং তারা কোন রকমের হয়রানি শিকার হবেন না। সরকারি অফিসাররা জনগণের সেবকে পরিণত হবেন। তিনি আরো বলেন, সরকারি অফিসগুলো ডিজিটালাইজড বলা হলেও প্রকৃতপক্ষে বেসরকারি প্রতিষ্ঠানের মত এখনো সেবাবান্ধব ও ডিজিটালাইজড হয়নি।
কর্মশালায় হিজলা উপজেলার ছয়টি ইউনিয়নের ছয়টি গ্রুপ অংশ নেয়। গ্রুপগুলো হল হরিনাথপুর, হিজলা গৌরবদি, মেমানিয়া, গুয়াবাড়ীয়া, বড়জালিয়া ও ধুলখোলা। আগামীর বাংলাদেশে তারুণ্যের ভাবনা বিষয়ের উপর গ্রুপগুলো তাদের কর্ম উপস্থাপন করে। ছয়টি গ্রুপের মধ্যে হরিনাথপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন গ্রুপকে পুরস্কৃত করা হয়।




