স্কুলের আসবাবপত্র ভাঙচুর করে শিক্ষার্থীদের টিকটক

শফিকুল ইসলাম, আগৈলঝাড়া(বরিশাল) সংবাদদাতাঃ

বরিশালের আগৈলঝাড়ায় একটি ঐতিহ্যবাহী মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে একাধিক উচ্ছৃঙ্খল বিদায়ী শিক্ষার্থী বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে ঢুকে ব্যাপক তাণ্ডব চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে টিকটকের জন্য ভিডিও ধারণ করে। ঐ টিকটক এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

উপজেলার বাগধা (দাসপাড়া) মডেল উচ্চ বিদ্যালয়ে সরেজমিনে শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ২০২৬ সালের এসএসসি ৫২ জন পরীক্ষার্থীর বিদায় অনুষ্ঠান বিদ্যালয়ের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ অংশে বিদায়ী ৫ শিক্ষার্থী সবার চোখ ফাকি দিয়ে বিদ্যালয় ভবনের তৃতীয় তলায় একটি শ্রেণিকক্ষে ঢুকে বৈদ্যুতিক ফ্যানের সুইচ অন করে বেঞ্চের উপর দাঁড়িয়ে পাখা ধরে ঝুলে ফ্যানের পাখা দুমড়ে-মুচড়ে বাঁকা করে এবং শিক্ষার্থীরা দৌড়ে এসে ফ্লাইং কিক দিয়ে (লাথি মেরে) শ্রেণি কক্ষের অসংখ্য বেঞ্চ তছনছ করে ফেলে দেয়।

এ সময় তাদের সাথে থাকা অপর সহপাঠীরা এ দৃশ্যের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে। পরবর্তীতে তারা নিজেরাই ওই ভিডিও দিয়ে টিকটক তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে। অল্প সময়ের মধ্যে ভিডিওটি ভাইরাল হওয়ায় এলাকাবাসীর দৃষ্টিতে আসে এবং এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। এরপরে বিদ্যালয় কর্তৃপক্ষ ভিডিও দেখে তাদের বিদ্যালয়ের ৫ ছাত্রকে সনাক্ত করেন।

এ বিষয়ে স্থানীয় বিক্ষুব্ধ এলাকাবাসী শুক্রবার (১৭এপ্রিল) রাতে বিদ্যালয় মাঠে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় নেতৃবৃন্দ পরবর্তী করণীয় বিষয়ে সভা করেছে। এ ঘটনার পর অভিযুক্ত ৫ শিক্ষার্থী আত্মগোপনে থাকায় কাউকে পাওয়া যায়নি। এ ব্যাপারে অভিযুক্ত সহিবুল হক সম্রাট বলেন, বিদায় অনুষ্ঠান শেষে আমরা কয়েকজন সহপাঠী মিলে টিকটকের ভিডিও করেছি। ওই সময় বুঝতে পারিনি।

প্রধান শিক্ষক নিয়াজ মোশেদ সাংবাদিকদের বলেন, ভিডিও দেখে আমরা ৫ জন শিক্ষার্থীকে সনাক্ত করেছি। অভিভাবকসহ তাদের ডেকে বিচারের আওতায় আনা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top