রাজধানীতে ছুরিকাঘাতে আগৈলঝাড়ার আলোকচিত্রি নিহত

 

বরিশাল জার্নাল ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার পূর্ব সুজনকাঠি গ্রামের নুর ইসলাম (২৬)। তিনি একজন আলোকচিত্রি ছিলেন এবং ঢাকার ধানমন্ডির শংকর বাসস্ট্যান্ড এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।

শুক্রবার (১৭ মে) রাত আটটার দিকে মোহাম্মদপুরের দুর্গা মন্দির গলি এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ১০টার দিকে পুলপাড় মুচিপাড়া গলির সামনে শেরেবাংলা রোড এলাকায় থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিহতের ভাই ওসমান গনি জানান, সেদিন রাতে নুর ইসলাম কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তার পথরোধ করে তার ক্যামেরা ছিনিয়ে নেয় এবং তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। প্রথমে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যেই অভিযান শুরু করেছে।

নুর ইসলামের মৃত্যুর খবরে তার গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী দ্রুত দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top