বানারীপাড়ায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু, স্ত্রী-পুত্রকে সন্দেহ এলাকাবাসীর

বানারীপাড়া প্রতিনিধি
বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের নলশ্রী গ্রামে হাবিবুর রহমান মোল্লার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (১ মে) সকালে ঘটে যাওয়া এ ঘটনাকে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক উত্তেজনা ও আলোচনা-সমালোচনা চলছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে হাবিবুর রহমান মোল্লাকে পরিকল্পিতভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। অভিযোগের তীর উঠেছে তার স্ত্রী সেলিনা বেগম ও ছেলে সাগরের বিরুদ্ধে। এলাকাবাসীর দাবি, রাতের আঁধারে তাকে মারধর ও নির্যাতনের পর মৃত্যু নিশ্চিত করা হয়।

গ্রামবাসীরা জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও নির্যাতনের স্পষ্ট চিহ্ন দেখা গেছে। সকালে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নলশ্রী গ্রামে শোকের পাশাপাশি ক্ষোভেরও সৃষ্টি হয়। ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়।

খবর পেয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করছে।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top