গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : বরিশালের গৌরনদী পৌরসভার এক কর্মচারী ওপর পৌরসভার ভেতর হামলার অভিযোগ পাওয়া গেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। হামলার শিকার গিয়াস উদ্দিন পৌরসভার পানি শাখার কর্মচারী ও উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি মহিউদ্দিন খন্দকারের ছোট ভাই।
গিয়াস উদ্দিন খন্দকার অভিযোগ করেন, মঙ্গলবার দুপুরে পৌরসভা ভবনে ঢুকে সাবেক এমপি স্বপন এর নাম ভাঙ্গিয়ে টিসিবির মাল নিয়ে দলীয় প্রভাব খটানোর চেষ্টা করেন গৌরনদী পৌর বিএনপির সদস্য সচিব ফরিদ মিয়া। গিয়াস জানান, বিষয়টি আমি জানতে চাইলে তিনি (ফরিদ) আমার উপর ক্ষিপ্ত হয়ে অতর্কিত হামলা চালান। উপর্যপুরি কিল-ঘুষি ও চড় থাপ্পড় মেরে আমাকে আহত করা হয়। এ সময় সাথে তার কয়েকজন সন্ত্রাসী ছিল।
এদিকে, হামলার অভিযোগ পুরোপুরি অস্বীকার করে পৌর বিএনপির সদস্য সচিব ফরিদ মিয়া বলেন, আমার সাথে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে আমার লোকজনের সাথে একটু ঝামেলা হয়েছে, যা ইউএনও সাহেব মীমাংসা করে দিয়েছেন। তবে ঘটনার সত্যত্য স্বীকার করে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো: আবু আবদুল্লাহ খান বলেন, এ বিষয়ে আমি শুনেছি। তাদের মীমাংসার জন্য ডাকা হলেও তারা আসেননি। আমি কোনো ধরনের মীমাংসা করতে পারিনি। তবে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।




