বরিশাল জার্নাল ডেস্ক
বরিশালের গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপভ্যান ডোবায় পড়ে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের কটকস্থলে অবস্থিত আরিফ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পিকআপভ্যানের চালক ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বড় বিবির গ্রামের মুকুল (৩৫), অপরজন একই উপজেলার ডুমুরদি গ্রামের মৃত আফছার মোল্লার ছেলে মো. বাদল মোল্লা (৪০)।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের চালক ও আরোহীকে মৃত অবস্থায় উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশে একটি খালি পিকআপ ভ্যান যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের কটকস্থলে অবস্থিত আরিফ ফিলিং স্টেশন অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ডোবায় পরে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ দুইজন নিহত হন।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।




