মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের যাদুয়া গ্রামের পালোয়ান বাড়ির পাশে অবস্থিত একটি জরাজীর্ণ কাঠের ব্রিজ এখন হাজারো মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। এই ব্রিজ দিয়েই প্রতিদিন লালগঞ্জ ও কালিগঞ্জ বাজার থেকে পাতারহাটে যাতায়াত করছেন শত শত মানুষ—যাদের মধ্যে রয়েছে শিক্ষার্থী, কৃষক, রোগী ও সাধারণ কর্মজীবী।
বহু বছর আগে নির্মিত এই কাঠের ব্রিজটির পাটাতন বহু জায়গায় ভেঙে গেছে। কোথাও ফাঁকা দিয়ে নিচের খাল দেখা যায়, কোথাও কাঠ নরম হয়ে গেছে। ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার ঝুঁকি নিয়ে প্রতিটি পা ফেলতে হয় মানুষকে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও নারী পথচারীরা সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন।
স্থানীয়রা জানান, এটি কোনো বাঁশের সাঁকো নয়, আবার পাকা ব্রিজও নয়—একটি পুরনো কাঠের কাঠামো, যা বহু বছর ধরে সংস্কার ছাড়াই ব্যবহৃত হচ্ছে। বর্ষা মৌসুমে খালের পানির তোড় বাড়লে এটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
এলাকাবাসী বহুবার মৌখিক ও লিখিতভাবে ব্রিজটির সংস্কার এবং নতুন পাকা ব্রিজ নির্মাণের জন্য স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। একজন স্থানীয় বাসিন্দা বলেন, এটাই লালগঞ্জ ও কালিগঞ্জ থেকে পাতারহাট যাওয়ার একমাত্র রাস্তা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে আমাদের। আমরা দ্রুত এখানে একটি পাকা ব্রিজ চাই।
অবিলম্বে এই গুরুত্বপূর্ণ পথের ওপর একটি মজবুত ও টেকসই পাকা ব্রিজ নির্মাণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী।




