`আমাকে তুই চিনিস?’ বলেই দোকানদারকে পুলিশ কর্মকর্তার মারধর

 

বানারীপাড়া প্রতিনিধি  :

‘এই আমাকে তুই চিনিস?’ – এই হুংকার দিয়ে দোকানদারকে চড়-থাপ্পড় মারলেন বানারীপাড়া থানা পুলিশের এএসআই মোঃ শাহজাহান। ঘটনাটি ঘটে ১৬ জুন সকালে, থানা সংলগ্ন মোবাইল সার্ভিসিং ব্যবসায়ী বশিরের দোকানে।

প্রত্যক্ষদর্শী ও দোকানের কর্মচারী কামরুলের ভাষ্যমতে, এএসআই শাহজাহান কয়েকজন লোকসহ দীর্ঘক্ষণ দোকানের ভেতরে বসে ছিলেন। দোকানটি ছোট ও সংকীর্ণ হওয়ায় নারীসহ কিছু কাস্টমার দোকানে ঢুকতে না পেরে ফিরে যাচ্ছিলেন। কাস্টমারদের দাঁড়ানোর জায়গা দিতে কর্মচারী তাদের সরে দাঁড়ানোর অনুরোধ করায় শাহজাহান ক্ষিপ্ত হয়ে ক্ষমতার অপব্যবহার করেন। তিনি কর্মচারীকে ‘তুই আমাকে চিনিস?’ বলে হুংকার দেন এবং চড়-থাপ্পড় ও গালাগাল করতে থাকেন।

ঘটনার ভিডিও মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সৃষ্টি হয় ব্যাপক সমালোচনার। জুলাই গণঅভ্যুত্থানের পূর্বেও এএসআই শাহজাহান কিছু বিতর্কিত ভূমিকার জন্য সমালোচিত ছিলেন। সাধারণ মানুষের মতে, তিনি সেই সময়কার আগ্রাসী মানসিকতা থেকে এখনো বেরিয়ে আসতে পারেননি।

তবে ঘটনার পর এএসআই শাহজাহান ভুক্তভোগী দোকানদারের কাছে গিয়ে ক্ষমা চান।

বিষয়টি নিয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা বলেন, ঘটনার সময় দোকান কর্মচারী কামরুল বলেন, ‘আপনি অনেকক্ষণ বসে আছেন, এতে কাস্টমার আসতে পারছে না।’ এ নিয়ে বাকবিতণ্ডা হয় এবং একপর্যায়ে শাহজাহান চড় মারতে যান, তবে কর্মচারী সরে যায়। পরে আমি আমার দ্বিতীয় অফিসারকে পাঠিয়ে তাদের মধ্যে মীমাংসা করে দেই।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার একরামুল জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, আজকের মধ্যে পুলিশ সুপারের দপ্তর থেকে আনুষ্ঠানিক বার্তা দেওয়া হবে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top