শফিকুল ইসলাম, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এক সন্তানের জনকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সেরাল গ্রামে। বুধবার দুপুরে এই ধর্ষণের ঘটনা ঘটে। ধষির্তার মা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সেরাল গুচ্ছ গ্রামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) বুধবার দুপুরে ঘরে একা পেয়ে একই এলাকার মতিউর সন্যামতের বখাটে ছেলে সুমন সন্যামত ধর্ষণ করে। পরে ওই ছাত্রী কিছুটা অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি তার মাকে জানায়।
একই দিন রাতে ধর্ষিতার মা বাদি হয়ে আগৈলঝাড়া থানায় সুমন সন্যামতকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মোঃ অলিউল ইসলাম ধর্ষণের মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযুক্তকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান চলমান রয়েছে। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।



